আজ ট্রেন চলাচল শুরু হতে পারে, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন।
আজ ট্রেন চলাচল শুরু হতে পারে, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন। ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগির উদ্ধার সম্পন্ন হয়েছে। এখন লাইন স্থাপনের কাজ চলছে। বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যেই এ রুটে ট্রেন চলাচল শুরুর আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়।

বগুড়ার সান্তাহারে বুধবার  নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ায় রেলপথে বিপর্যয় সৃষ্টি হয়। দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হন। এর পরপরই স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করলেও রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গতকাল সন্ধ্যা থেকে উদ্ধার তৎপরতা আরও ত্বরান্বিত করা হয়। 

এদিকে, উত্তরের ঐ রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো যাত্রীদের সান্তাহার স্টেশনে নামিয়ে দিচ্ছে। পরে তারা হাঁটতে হাঁটতে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে অন্য একটি ট্রেনে করে তাদের গন্তব্যে চলে যাচ্ছে।

এ ঘটনার পর থেকে উদ্ধার ও মেরামত কাজে ৪০০ জন উদ্ধারকর্মী নিয়োজিত রয়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আশা করছে, খুব দ্রুত সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

ওই রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৮ মার্চ) এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম। তিনি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন। এজন্য বিভিন্ন রুটের কয়েকটি ট্রেন ট্রান্সশিপমেন্ট করা হবে।

(১) পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস—২টা ট্রেন দিয়ে ঢাকা-পঞ্চগড়-ঢাকা ট্রান্সশিপমেন্ট হবে।

(২) দ্রুতযান এবং একতা—এ দুটো দিয়েও ঢাকা-পঞ্চগড়-ঢাকা ট্রান্সশিপমেন্ট হবে।

(৩) সীমান্ত এবং রুপসা—এ দুটো ট্রেন দিয়ে খুলনা এবং নীলফামারীর মধ্যে ট্রান্সশিপমেন্ট হবে।

(৪) পার্বতীপুর স্পেশাল এবং বাংলাবান্ধা অথবা কাঞ্চন দিয়ে আরেকটা ঢাকা-পার্বতীপুর ট্রান্সশিপমেন্ট হবে।

(৫) তিতুমীর এক্সপ্রেস এবং বরেন্দ্র এক্সপ্রেস দিয়ে রাজশাহী এবং চিলাহাটি রুটে চলাচলকারী ট্রেন দুইটি ট্রান্সশিপমেন্ট করা হবে।

(৬) ৭৯৭ নং কুড়িগ্রাম এক্সপ্রেস ভায়া বগুড়া কুড়িগ্রাম চালানো হবে।

(৭) ৮০৪ নং বাংলাবান্ধা এক্সপ্রেস আক্কেলপুর-রাজশাহী এবং ৮০৩ নং বাংলাবান্ধা-রাজশাহী-পঞ্চগড় চলবে এবং আগামীকালের ৮০৪ নং বাংলাবান্ধা-পঞ্চগড়-রাজশাহীর যাত্রা বাতিল থাকবে।

নয়টি কোচ উদ্ধার করতে ১২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আপাতত ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ পঞ্চগড় থেকে যে ট্রেন আসছে এবং ঢাকা থেকে যে ট্রেনটি যাচ্ছে, দুর্ঘটনার স্পট থেকে যাত্রীরা উক্ত ট্রেন পরিবর্তন করে যাত্রা করবেন।

বুধবার দুপুর দুইটার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এমআর/আরটিএনএন