
ঈদুল ফিতরের উৎসব শেষে কর্মস্থলে ফেরা মানুষের সুবিধার্থে আজ বুধবার (১৮ মার্চ) ষষ্ঠ দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ পাওয়া যাচ্ছে আগামী ২৮ মার্চের ফিরতি যাত্রার টিকিট।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে, পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টা থেকে। বরাবরের মতো এবারও যাত্রীদের দুর্ভোগ কমাতে শতভাগ টিকিট অনলাইনে (অ্যাপ ও ওয়েবসাইট) বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
সম্প্রতি রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, ঘরমুখো ও ফিরতি যাত্রীদের সুবিধার্থে সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। সেই অনুযায়ী, গত ১৩ মার্চ থেকে পর্যায়ক্রমে টিকিট বিক্রি শুরু হয়। আগামীকাল ১৯ মার্চ পাওয়া যাবে ২৯ মার্চের টিকিট। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট কালোবাজারি রোধে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে টিকিট কেনা বাধ্যতামূলক করা হয়েছে। তবে সাধারণ যাত্রীদের কথা বিবেচনায় রেখে যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কোনও টিকিট রিফান্ড করা হবে না।
এমআর/আরটিএনএন



