
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে তার লিয়াজোঁ অফিসার পরিচয়ে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মোতাল্লেস হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৬ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে অভিযুক্ত ছিলেন মোতাল্লেস হোসেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কণ্ঠ নকল করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতেন এবং নিজেকে তার লিয়াজোঁ অফিসার হিসেবে পরিচয় দিতেন। এভাবে বিশ্বাস অর্জন করে তিনি বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী ১১ মাসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের ঘটনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বিষয়টি তদন্ত শুরু করে এবং আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে প্রতারণার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করে।
বিএফআইইউর অনুসন্ধানে অভিযুক্ত মোতাল্লেস হোসেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাব শনাক্ত করা হয়। তদন্তের অংশ হিসেবে এসব ব্যাংক হিসাব জব্দ করা হলে সেখানে মোট ২৬ কোটি ৮৪ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায়, যা প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।
প্রতারণার খবর প্রকাশের পর থেকেই মোতাল্লেস হোসেন আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলা বাহিনী তার অবস্থান শনাক্ত করতে নজরদারি জোরদার করে। অবশেষে সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই প্রতারণা চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থের উৎস, লেনদেনের ধরণ এবং সম্ভাব্য ভুক্তভোগীদের বিষয়ে আরও তদন্ত অব্যাহত রয়েছে।



