ফারজানা শারমিন পুতুল, সংসদ
ডা. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় তার পরিবর্তে প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।ছবি: আরটিএনএন

আজ জাতীয় সংসদের দ্বিতীয় প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় তার দায়িত্ব পালন করেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

প্রথম প্রশ্নের উত্তরে সম্বোধন করতে গিয়ে তিনি দু’একবার ‘মাননীয় স্পিকার’-এর জায়গায় বলে ফেলেন ‘মাই লর্ড’। পরে সম্পূরক প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের জানান, “ওকালতি করি, অভ্যাসবশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এজন্য দুঃখিত।”

তবুও মূল প্রশ্ন ও চারটি সম্পূরক প্রশ্নের উত্তর তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে দিয়েছেন। বয়সে নবীন এবং প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হওয়ার পরিপ্রেক্ষিতে তার উত্তর দেওয়ার ধারা একবারও নবাগত মনে হয়নি।

সব প্রশ্ন ও সম্পূরক প্রশ্ন তিনি সাবলীলভাবে উপস্থাপন করেন। প্রথম সম্পূরক প্রশ্নের সুযোগ পান সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

দ্বিতীয় সম্পূরকের প্রশ্ন করেন জামায়াতের চট্টগ্রামের এমপি শাহজাহান চৌধুরী। তৃতীয় সম্পূরক প্রশ্নের সুযোগ পান জামায়াতের সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলাম। চতুর্থ সম্পূরক প্রশ্ন করেন জামায়াতের নড়াইল-২ এলাকা থেকে নির্বাচিত এমপি মো. আতাউর রহমান।

সংসদ পর্যবেক্ষকরা মনে করছেন, প্রতিমন্ত্রী শারমিন পুতুলের আত্মবিশ্বাসী এবং সাবলীল উপস্থিতি নতুন প্রজন্মের নেতাদের মধ্যে উদাহরণ স্থাপন করছে।