জাতীয়, ঈদ, ঈদুল ফিতর, মার্কেট, ঈদের মার্কেট, ঈদের বাজার,
মৌচাক ও নিউমার্কেট এলাকার দৃশ্য।ছবি: আরটিএনএন

দুল ফিতর বাকি আছে আর মাত্র কয়েকদিন। শেষ মুহূর্তের কেনাকাটায় সকাল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিংমলে বেড়েছে ক্রেতাদের ভিড়। মৌচাক, নিউ মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সরেজমিনে রাজধানীর মৌচাক মার্কেট, নিউ মার্কেট ও আশপাশের কয়েকটি শপিংমল ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। অনেকেই ঈদের পোশাক কিনে ফেললেও নতুন জামার সঙ্গে মিলিয়ে জুতা, কসমেটিকস, গয়না ও অন্যান্য সামগ্রী কিনতে আবারও মার্কেটে আসছেন।

মৌচাক মার্কেটে কথা হয় ক্রেতা সাদিয়া রহমানের সঙ্গে। তিনি বলেন, “ঈদের জন্য আগেই জামা কিনেছিলাম। কিন্তু পরে মনে হলো কিছু অ্যাক্সেসরিজ বাকি আছে, তাই শেষ মুহূর্তে আবার মার্কেটে আসতে হলো।”

নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা নাইমুর রহমান নামে এক ক্রেতা জানান, “অফিসের ব্যস্ততার কারণে আগে কেনাকাটা করা হয়নি। তাই ঈদের কয়েকদিন আগে পরিবার ও নিজের জন্য কেনাকাটা করতে এসেছি।”

বিক্রেতারা বলছেন, রমজানের মাঝামাঝি সময় থেকে কেনাকাটা শুরু হলেও ঈদের শেষ সপ্তাহে এসে ক্রেতাদের চাপ কয়েকগুণ বেড়ে যায়। মৌচাকের এক পোশাক ব্যবসায়ী নিলয় ফেরদৌস বলেন, “দিনভর এখন ক্রেতার ভিড় থাকে। বিশেষ করে ইফতারের পর মার্কেটগুলো আরও জমজমাট হয়ে ওঠে।”

মার্কেটগুলোতে দেখা যায়, পোশাকের দোকানের পাশাপাশি জুতা, পাঞ্জাবি, কসমেটিকস ও গয়নার দোকানেও ক্রেতাদের ভিড় রয়েছে। অনেক দোকানে বিক্রেতাদের দ্রুত পণ্য দেখাতে হিমশিম খেতে হচ্ছে।

তবে ক্রেতাদের ভিড়ের কারণে আশপাশের সড়কগুলোতেও যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বড় মার্কেটগুলোর সামনে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পথচারীদের চলাচলেও কিছুটা ভোগান্তি দেখা যাচ্ছে।

সব মিলিয়ে ঈদকে ঘিরে রাজধানীর মার্কেটগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ মুহূর্তের কেনাকাটা সারতে প্রতিদিনই মার্কেটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসায়ীরাও আশা করছেন, ঈদের আগ পর্যন্ত এই কেনাকাটার ধারা অব্যাহত থাকবে।