
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভোটের কালি নখ থেকে মোছার আগেই বিএনপি সরকার সকল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, এরই মধ্যে চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড, পহেলা বৈশাখ থেকে শুরু হবে কৃষক কার্ড, এবং ১৬ মার্চ দিনাজপুরে শুরু হবে খাল খনন কর্মসূচি।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে দেশকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা হবে। কোনো ফ্যাসিবাদী বা তাদের অনুসারী মানুষদের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার কেড়ে নিতে পারবে না।
তিনি আরও বলেন, “সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তাদের জন্য সম্মানি, আর্থিক সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈষম্য দূর করা হবে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ভোটের কালি নখ থেকে মোছার আগেই আমরা আমাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, এজন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানাই।”
ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কোরআন অনুযায়ী দুনিয়া ও আখেরাতের কল্যাণে প্রার্থনা করা প্রত্যেক ধর্মাবলম্বীর দায়িত্ব। তিনি গুরুত্ব আরোপ করেন, ধর্মীয় বিধিবিধানের আলোকে শিক্ষার প্রয়োগ ও অভিজ্ঞতাকে দেশের কল্যাণে ব্যবহার করা অত্যন্ত জরুরি।
এছাড়া প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি মানসিক ও মানবিক গুণাবলি অর্জনের বিকল্প হতে পারে না। ধৈর্য, সততা, কৃতজ্ঞতা, সহনশীলতা, সম্প্রীতি ও দয়া ছাড়া একজন ব্যক্তি প্রকৃত মানবিক গুণাবলি অর্জন করতে পারে না।
অন্যদিকে, ক্ষমতায় আসার এক মাসের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় সরকারকে ধন্যবাদ জানান সুবিধাভোগী ধর্মীয় উপাসনালয়ের প্রধানরা। তবে ধর্মীয় বিধি-নিষেধ থাকায় সরকারি ভাতা গ্রহণে অস্বীকৃতি জানান খ্রিষ্টান সম্প্রদায়ের ক্যাথলিক ধারার যাজকরা।



