
দেশের বাজারে আবারও সোনার দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১৪ মার্চ) থেকে কম দামে বিক্রি হচ্ছে সোনা।
শুক্রবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ার পর এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায়।
এছাড়া, গত ১২ মার্চও সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়।
এখন পর্যন্ত এ বছরে দেশে স্বর্ণের দাম মোট ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে।
এদিকে, সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হচ্ছে।
এ বছরে রুপার দাম ২৬ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১০ বার কমেছে।



