খিলগাঁও নাগদারপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত।
খিলগাঁও নাগদারপাড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাহারোজ আরেফিন গালিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গালিবের মৃত্যু হয়। পরে খিলগাঁও থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত গালিবের চাচা জহিরুল ইসলাম কলিম জানান, গালিব বনশ্রী এলাকায় তার বাসায় বেড়াতে এসেছিলেন। ওইদিন ইফতারের পর তিনি মামার মোটরসাইকেল নিয়ে একাই ঘুরতে বের হন। ডেমরা এলাকা সহ আশপাশের এলাকায় ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় তার মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গালিবের মৃত্যু হয়।

গালিবের পরিবারের সদস্যরা জানান, গালিব ঢাকা ইম্পেরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা শামসুল আরেফিন কুয়েতপ্রবাসী, এবং তার পরিবারের সদস্যদের সাথে খিলগাঁওয়ের বনশ্রী এল ব্লকে বসবাস করতেন। গালিব ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "খিলগাঁও থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে।"