ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ।
ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ।ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ। শনিবার (১৪ মার্চ) বিক্রি করা হচ্ছে আগামী ২৪ মার্চের ট্রেনের আসনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে।

সকাল ৮টা থেকে অনলাইনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী,

২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ

২৫ মার্চের টিকিট ১৫ মার্চ

২৬ মার্চের টিকিট ১৬ মার্চ

২৭ মার্চের টিকিট ১৭ মার্চ

২৮ মার্চের টিকিট ১৮ মার্চ

২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন। সেক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে কেনা টিকিট ফেরত (রিফান্ড) করা যাবে না।