ঈদ শেষে ফিরতি যাত্রা, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু।
ঈদ শেষে ফিরতি যাত্রা, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। ছবি: ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ঘরমুখো মানুষের রাজধানীতে ফেরার সুবিধার্থে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে পাওয়া যাচ্ছে আগামী ২৩ মার্চের ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।

এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রি করা হবে বলে জানানো হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট রাখা হবে। এসব টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।