মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: ঢাকায় আরও ২৪ ফ্লাইট বাতিল।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: ঢাকায় আরও ২৪ ফ্লাইট বাতিল। ছবি: ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ শুক্রবার (১৩ মার্চ) আরও ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে এসব দেশের সঙ্গে পরিচালিত বেশ কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইনস।

এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। পরিস্থিতির কারণে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে অনেক ফ্লাইট বাতিল হয়েছে।

বেবিচক সূত্র জানায়, আকাশপথ বন্ধ থাকায় ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়।

এ ছাড়া ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি এবং ১২ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ শুক্রবার (১৩ মার্চ) আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শুক্রবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।

সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৪৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেবিচক।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমআর/আরটিএনএন