ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘোষণা দেন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পরিচালনাকারী সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে প্রস্তাবটি সমর্থন করেন হুই্প ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হয়।

বেলা সাড়ে এগার দিকে প্রথম অধিবেশন পরিচালনাকারী সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন এই ঘোষণা করেন। এর আগে প্রস্তাবটি সমর্থন করেন চিফ হুই্প নুরুল ইসলাম মনি।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন পরিচালনার জন্য সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর  প্রস্তাবে সমর্থন জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী ও বিরোধীদলের পক্ষ থেকে প্রস্তাবে সমর্থন জানান বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয়। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু করা হয়। এরপরেই বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি ১৯৭১ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন–সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপোস করেননি। তিনি খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, দল–মত নির্বিশেষে তিনি দেশের জনগণের প্রতিনিধিত্ব করছেন। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য। এভাবে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলেন তিনি। তিনি এতে সবার সহযোগিতা কামনা করেন। স্বনির্ভর বাংলাদেশ গড়ায় কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।