সংসদের প্রথম অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা।
সংসদের প্রথম অধিবেশন ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা। ছবি: ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বাড়তি যান চলাচলের আশঙ্কা থাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের আগমনকে কেন্দ্র করে সংসদ ভবনসংলগ্ন উড়োজাহাজ মোড়, খেজুর বাগান, মানিক মিয়া এভিনিউ, আসাদগেট ও জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন) ক্রসিং এলাকায় স্বাভাবিকের তুলনায় বেশি যানবাহন চলাচল করবে। এ পরিস্থিতিতে সাময়িক যানজট ও ভোগান্তি কমাতে ডিএমপির ট্রাফিক বিভাগ নির্দিষ্ট ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ‍্য জানান।


ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কগুলো হলো হলো


১. ইন্দিরা রোড টু বেগম রোকেয়া সরণি-ইন্দিরা রোড থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে সোজা মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. মানিক মিয়া এভিনিউ টু বেগম রোকেয়া সরণি- মানিক মিয়া এভিনিউ থেকে খেজুর বাগান হয়ে বেগম রোকেয়া সরণিগামী যানবাহন বামে মোড় না নিয়ে ফার্মগেট হয়ে গন্তব্যে পৌঁছাবে।

উড়োজাহাজ মোড় থেকে খেজুর বাগান পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে দক্ষিণ দিকে একমুখী যানবাহন চলাচল করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল প্রকার যানবাহন চালকদের আগামী ১২ মার্চ সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে উল্লিখিত নির্দেশনা অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।