
রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনের মাঝেই রেশনিং পদ্ধতির আওতায় জ্বালানি সরবরাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১১ মার্চ) এক বার্তার মাধ্যমে সংস্থাটি এই সিদ্ধান্ত জানায়।
এতদিন তেলের স্বাভাবিক চাহিদার তুলনায় ২৫ শতাংশ কম সরবরাহ করা হলেও, নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ আগের চেয়ে ১০ শতাংশ বেশি তেল পাবেন ডিলাররা।
ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে গত রোববার থেকে সরকার তেলের রেশনিং শুরু করে।
বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও এজেন্টদের নতুন চার্ট অনুযায়ী বরাদ্দ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তেলের সংকট নেই বলে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও পাম্পগুলোতে ভিড় কমছে না। সরবরাহ বৃদ্ধির এই সিদ্ধান্ত সেই ভিড় ও ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।



