১২ দিনে বাতিল ৩৯১টি ফ্লাইট,  চরমে যাত্রী ভোগান্তি ।
১২ দিনে বাতিল ৩৯১টি ফ্লাইট, চরমে যাত্রী ভোগান্তি । ছবি: ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এর ফ্লাইট পরিচালনায়।

এ পরিস্থিতিতে বুধবার (১১ মার্চ) ঢাকায় মোট ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থির নিরাপত্তা পরিস্থিতিতে ঢাকা থেকে ফ্লাইট বাতিলের তালিকা দীর্ঘতর হচ্ছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া হাজার হাজার প্রবাসীকর্মী ও যাত্রীদের ভোগান্তি এখন চরমে। 

সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, দুবাই, বাহারাইন, কাতার  ও জর্ডান  তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।

এর ধারাবাহিকতায় বুধবারও বাতিল হয়েছে আরও ২৪টি ফ্লাইট।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েক এয়ারওয়েস–এর ২টি, এয়ার এরারিয়া–এর ৪টি, গালফ এয়ার–এর ২টি, কাতার এয়ারওয়েজ–এর ৪টি, এমিরাত–এর ৪টি,জাজিরা এয়ারওয়েজ–এর ৪টি এবং ফ্লাইদুবাই–এর ৪টি ফ্লাইট।

সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১টি

এই পরিস্থিতির মাঝেও মাস্কাট ও সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিকল্প পথে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্ট আকাশসীমা পুনরায় উন্মুক্ত না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটার সম্ভাবনা কম। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।