ডিএমপি লোগো
ডিএমপি লোগো ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপকমিশনার (ডিসি) এবং তিন জেলার পুলিশ সুপারসহ (এসপি) মোট চারজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার। 

মঙ্গলবার (১০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বদলির তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বিশেষ পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অন্যদিকে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে তাদের বদলি ও পদায়ন করা হলো এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।