ফাইল ছবি।
ফাইল ছবি। ছবি: ছবি: সংগৃহীত

মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন মারা গেছেন।

মঙ্গলবার ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- শেরপুর নবীনগর থানার সাখাওয়াত হোসেনের ছেলে মো. রিপন (৪৫) ও শেরপুর সদরের বেপারির বাড়ির জমশেদ আলীর ছেলে মো. সুলতান (৫০)। 

আহতদের উদ্ধারকারী শাহিন জানান, ভোর ৪টায় বঙ্গভবনের সামনে রাস্তায় মুরগির একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজন মুরগি ব্যবসায়ী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

এমআর/আরটিএনএন