
সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। একই সঙ্গে নিরীহ মানুষের প্রাণহানি রোধে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি প্রশমিত করতে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত।
নিহত দুজন হলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার মোশাররফ হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আহত বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।
এ ছাড়া নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে দূতাবাস।
সরকার নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কেও পরিস্থিতি প্রশমিত করতে এবং অঞ্চলে আরও প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এমআর /আরটিএনএন



