
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ পরীক্ষার (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) এমসিকিউ ফল প্রকাশ করেছে। বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফল ঘোষণা করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। এনটিআরসিএ সূত্র জানায়, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষায় অনলাইনে আবেদন করেছিলেন ৫৩ হাজার ৬৯ জন। তাদের মধ্যে ৪৮ হাজার ১৪৬ জন পরীক্ষায় অংশ নেন।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর পদভিত্তিকভাবে (মেধাক্রম ছাড়া) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।
এনটিআরসিএ আরও জানিয়েছে, যারা এমসিকিউতে উত্তীর্ণ হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রয়োজনে বিধি অনুযায়ী ফলাফলে সংশোধন আনার অধিকার সংস্থাটি সংরক্ষণ করে।
উল্লেখ্য, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের জন্য ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে প্রথমবারের মতো এ পরীক্ষা আয়োজন করা হয়।



