
সংসদ সদস্যদের জন্য ট্যাক্স-ফ্রি সুবিধা নয়, বরং সরকারি কর্মকর্তাদের মতো সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব তোলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংসদ সদস্যরা ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে আগ্রহী নন। তবে জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন, একইভাবে এমপিদের জন্যও এমন ব্যবস্থা করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি সংসদ সদস্যরা তাদের দায়িত্বকাল পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং এতে অতিরিক্ত কোনো ব্যয়ও হবে না। বর্তমানে এমপিদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হলেও তাদের নিজস্ব কোনো সরকারি গাড়ি নেই।’
আগের দিনের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনোই ট্যাক্স-ফ্রি গাড়ির দাবি করিনি। ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার বিষয়ে ইতোমধ্যে সংসদের সব সদস্য ঐকমত্যে পৌঁছেছেন এবং তা একটি নজির হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’



