স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।ছবি: সংগৃহীত

দেশের ৩০ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাকি ৩০ জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ নেই। এসব জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, ৩০ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। জেলাগুলো হলো—নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর। তবে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুর জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।