হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) লোগো
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) লোগোআরটিএনএন

পিরোজপুরে চুরির সন্দেহে জেলা পুলিশ মেসের এক তত্ত্বাবধায়ককে তুলে নিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম দাবি করেন, ভুক্তভোগী মো. ইউনুস ফকির (৪০)-কে ব্যক্তিগত টাকা চুরির সন্দেহে আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছে। একই সঙ্গে তার যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল দুপুরে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আরিফুল ইসলামের টাকা চুরির অভিযোগে ইউনুস ফকিরকে হাতকড়া পরিয়ে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে মারধর, বৈদ্যুতিক শক দেওয়া এবং শরীরের বিভিন্ন স্থানে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। নির্যাতনের এক পর্যায়ে তিনি গুরুতরভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলেও দাবি করা হয়েছে।

তবে পরবর্তীতে তদন্তে একই মেসের এক পরিচ্ছন্নতাকর্মী চুরির দায় স্বীকার করেন এবং তার কাছ থেকে অর্থ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

এইচআরএসএস তাদের বিবৃতিতে বলেছে, অভিযোগ সত্য হলে এটি শুধু মানবাধিকারের চরম লঙ্ঘনই নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের শামিল। সংগঠনটি ভুক্তভোগীর উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা প্রতিরোধে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তারা নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন-২০১৩-এর কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন।