বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এবং এটিএম আজহারুল ইসলাম
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এবং এটিএম আজহারুল ইসলামআরটিএনএন

ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ (সবুজ প্যানেল)-এর পরিচিতি সভা মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার জনসন রোডের একটি কনভেনশন হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এবং এটিএম আজহারুল ইসলাম। 

তিনি বলেন, বিচার বিভাগকে কলঙ্কিত করার অভিযোগে যারা সরকারের ফরমায়েশি রায় দিয়েছে, তাদের বিচার হওয়া উচিত। তিনি আরও দাবি করেন, দেশে একটি পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং সেই পরিবর্তন আইন অঙ্গন থেকেই শুরু করতে হবে।

তিনি তার বক্তব্যে সাবেক বিচারপতিদের প্রসঙ্গ টেনে বলেন, এমন ব্যক্তিদের জনগণ আর বিচারকের আসনে দেখতে চায় না, যাদের বিরুদ্ধে অন্য দেশের প্রতি আনুগত্য এবং প্রভাবিত হয়ে রায় দেওয়ার অভিযোগ রয়েছে। তার ভাষায়, জনগণ এমন বিচারপতিদের দেখতে চায় যারা স্বাধীন, সার্বভৌম বাংলাদেশকে ধারণ করেন এবং জনগণের প্রতি দায়বদ্ধ থাকেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন।

সবুজ প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, এই প্যানেল ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, আইনজীবী সমিতির নেতৃত্বে এই প্যানেল বিজয়ী হলে বিচারপ্রাপ্তির ক্ষেত্রে জনগণ উপকৃত হবে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার সভাপতি এডভোকেট আব্দুর রশিদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ, উপদেষ্টা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, আতিকুর রহমান, ন্যাশনাল ল’ইয়ার্স এলায়েন্সের উপদেষ্টা সারজিস আলম, মূখ্য সংগঠক এডভোকেট শাকিল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সবুজ প্যানেলের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। সভাপতি পদে এডভোকেট এস.এম কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. লুৎফুর রহমান আজাদ, সেক্রেটারি মো. আবু বাক্কার সিদ্দিক, ট্রেজারার মো. আজমত হোসেন এবং বিভিন্ন সম্পাদকীয় ও সহকারী পদে আরও একাধিক প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি সদস্য পদে একাধিক আইনজীবীর নাম ঘোষণা করা হয়।

সভা শেষে সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন যে, আসন্ন নির্বাচনে সবুজ প্যানেল বিজয়ী হলে আইনজীবী সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে।