শ্রমিক দিবস ঘিরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নানা উদ্যোগ
শ্রমিক দিবস ঘিরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নানা উদ্যোগছবি: আরটিএনএন

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিমের পরিচালনায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি ঘোষণার পূর্বে দেয়া বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমিকের স্বার্থ, অধিকার, কল্যাণ এবং শ্রমিক সমাজের সমস্যার স্থায়ী সমাধানে ভূমিকা রেখে আসছে। 

তিনি আরও বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করতে গিয়ে অতীতে সংগঠনের নেতৃবৃন্দকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় রোষানলে পড়তে হয়েছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে শ্রমিকদের অধিকার রক্ষা ও কল্যাণে সংগঠনটি কখনো পিছপা হয়নি এবং ভবিষ্যতেও শ্রমিক অধিকার আদায়ের সংগ্রাম অব্যাহত থাকবে।

এ বছর আন্তর্জাতিক শ্রমিক দিবস সফলভাবে পালন করার লক্ষ্যে ফেডারেশন দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জেলা, উপজেলা ও থানার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ আয়োজন। পাশাপাশি জাতীয় ইউনিয়নসমূহের উদ্যোগে দেশব্যাপী শ্রমিক সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ক্রাফট ফেডারেশন ও ট্রেড ইউনিয়নসমূহও নিজ নিজ ব্যানারে একই ধরনের কর্মসূচি পালন করবে।

এছাড়া শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আন্তর্জাতিক শ্রমিক সমাবেশের ডাক’ শীর্ষক লিফলেট বিতরণ করা হবে। কেন্দ্র, জেলা, মহানগর, জাতীয় ইউনিয়ন, ক্রাফট ফেডারেশন ও ট্রেড ইউনিয়ন পর্যায়ে পোস্টারিং এবং ব্যানার ও ফেস্টুন টানানোর উদ্যোগও নেয়া হয়েছে।

পেশাভিত্তিক শ্রমিক সমাবেশ, র‌্যালি এবং সামষ্টিক বনভোজন আয়োজনের পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হবে। একইসঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভারও আয়োজন থাকবে।

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসচ্ছল ও কর্মক্ষম শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান, বেকার শ্রমিকদের কর্মসংস্থানে সহায়তা, শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং সুবিধাবঞ্চিত শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে। পাশাপাশি ইমাম ও খতিবদের মাঝে ‘শ্রমিকদের অধিকার ও মর্যাদা’ বিষয়ক খুতবা বিতরণ করা হবে।

ফেডারেশনের পক্ষ থেকে সকল পর্যায়ের শাখা ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে ঘোষিত কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।