‘বন্ধ জুটমিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার’
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী দেশের বন্ধ হয়ে থাকা জুটমিলগুলো সরকার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশে অবস্থিত বন্ধ ঘোষিত কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, সরকারি কিংবা বেসরকারি—উভয় ব্যবস্থাপনার মাধ্যমেই বন্ধ জুটমিলগুলো পুনরায় সচল করতে সরকার কাজ করছে। নরসিংদীর দুটি মিলসহ সারাদেশের বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এ লক্ষ্যে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হয়।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে এসব কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। এ খাতে অতীতে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কো-অপারেটিভ জুট মিল পরিদর্শনের পাশাপাশি প্রতিমন্ত্রী পলাশ উপজেলার ঘোড়াশালে অবস্থিত বাংলাদেশ জুট মিল এবং প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কও পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কারখানাগুলো দ্রুত চালু করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।