
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। সোমবার রাত ১১টায় দেওয়া ওই পোস্টে তিনি সাম্প্রতিক নির্বাচন, রাজনৈতিক অবস্থান এবং একটি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন।
পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, জিল্লুর রহমান একাধিক ভিডিও বার্তায় নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তার বহুল আলোচিত বক্তব্য ছিল, ‘আমি কিন্তু এই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখছি না।’ বিষয়টি উল্লেখ করে শফিকুল আলম প্রশ্ন তোলেন—তিনি আসলে কেমন নির্বাচন প্রত্যাশা করেছিলেন, যেখানে আওয়ামী লীগ অংশ নেবে, নাকি আরও ভিন্ন কোনো পরিস্থিতি?
তিনি আরও লেখেন, নির্বাচন ইতোমধ্যে শেষ হয়েছে এবং পর্যবেক্ষকদের মতে এটি দেশের অন্যতম সেরা নির্বাচন হিসেবে প্রশংসিত হয়েছে। এমন প্রেক্ষাপটে জিল্লুর রহমানের স্ত্রীর সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে বলা হয়, জিল্লুর রহমানের স্ত্রী সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন চেয়েছেন এবং সে মনোনয়নও পেয়েছেন। এ প্রসঙ্গে শফিকুল আলম প্রশ্ন রাখেন, বিএনপির জন্য দীর্ঘদিনে তার অবদান কী ছিল, যার ভিত্তিতে তিনি এই মনোনয়ন অর্জন করেছেন।
শফিকুল আলমের এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সাংবাদিক জিল্লুর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাননি।



