
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিবর্তনশীল পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের সহযোগিতা চায় ঢাকা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশ সব পক্ষকে সংযম ও সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছে। তিনি আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে বাংলাদেশকে ছাড় দেয়ায় ঢাকা কৃতজ্ঞ।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন এবং জানান, পরিস্থিতি এখনও সংবেদনশীল হলেও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।
এর আগে ঢাকায় ইরানি রাষ্ট্রদূতের সঙ্গেও একই বিষয়ে আলোচনা হয়, যেখানে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছিল।
সব মিলিয়ে উপসাগরীয় উত্তেজনার মধ্যেও বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ঢাকা।



