এ বছর হজযাত্রার প্রথম তিন দিনে মোট ১৩ হাজার ৩৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন ।
এ বছর হজযাত্রার প্রথম তিন দিনে মোট ১৩ হাজার ৩৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন । ছবি: সংগৃহীত

চলতি বছরের হজযাত্রার প্রথম তিন দিনে মোট ১৩ হাজার ৩৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ অফিস আশকোনা। গতকাল রবিবার (১৯ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করছেন। ঢাকার আশকোনা হজ ক্যাম্পে বর্তমানে হজযাত্রীদের উপস্থিতিতে ব্যস্ততা ও সরব পরিবেশ বিরাজ করছে। এখানে বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হচ্ছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১০০টি, সৌদি এয়ারলাইনস ৭৫টি এবং ফ্লাই নাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে। হজযাত্রীদের শেষ ফ্লাইট যাবে আগামী ২১ মে পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। এর আগে গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।