
ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
শনিবার (১৮ এপ্রিল) বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, গত ১৬ বছরে দেশে গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে। গণতন্ত্রের অভাবে হত্যা, গুম, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারের ঘটনা ঘটেছে। বিগত সময়টি জাতীয় জীবনের জন্য অন্ধকারাচ্ছন্ন ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে, যাতে জনগণ অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের দলকে বেছে নিতে পারে।
সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলকে সংসদে কার্যকর ভূমিকা পালনের জন্য যথাযথ সুযোগ দিতে হবে। একইসঙ্গে তিনি বিরোধী দলের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তিনি বিরোধী দলের প্রতি কারণে-অকারণে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন।
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে কোনো স্বৈরশাসকের উত্থান যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে সেই স্বপ্ন দ্রুতই বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।



