হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীআরটিএনএন

আনুষ্ঠানিকভাবে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর আগে রাত ১০টা ৫০ মিনিটে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাজিদের সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য মোনাজাতে অংশ নেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনের পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছেড়ে যাবে। মধ্যরাত থেকে আজ মোট ১৪টি ফ্লাইট ছেড়ে যাবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সৌদি আরবের সাউদিয়ার ৪টি এবং ফ্লাইনাসের ৪টি ফ্লাইট রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজে অংশ নেবেন।

সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত হজচুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি ৫০ শতাংশের মধ্যে সাউদিয়া ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।

২১ মে প্রি-হজ ফ্লাইট শেষ হবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা ১ জুলাই শেষ হবে।