ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদছবি: সংগৃহীত

হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে না পারলে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনার হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

ধর্মমন্ত্রী বলেন, আমরা হজযাত্রীদের খাদেম। তাদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সেবা দিতে না পারলে আমাদের পদত্যাগ করা উচিত।

তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন, সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, হজক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরিদর্শনের সময় মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হজক্যাম্পের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয় সম্পর্কে খোঁজ নেন।

এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গেও কথা বলেন তিনি।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতে উড়াল দেবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।