
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (১৭ এপ্রিল) দেওয়া এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সততা মন্ত্রণালয়ের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার অকাল মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ প্রশাসককে হারিয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমান ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাহবুবুর রহমান স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৩তম বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব পালন করে আসছিলেন।



