কমিশনিং লাইসেন্স পেল রূপপুর, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে দেশ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।ছবি: সংগৃহীত

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট কমিশনিং লাইসেন্স পেয়েছে। এর ফলে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে পারবে, যা দেশের জ্বালানি খাতে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৭ এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সংযোজন শুরু হওয়ার কথা ছিল। গত ১৪ মার্চ গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, এটি দেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

তিনি আরও জানান, জুন-জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় সরবরাহ করা যেতে পারে। আর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি ইউনিট পূর্ণ ক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।

তবে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময় ৭ এপ্রিল জ্বালানি সংযোজন শুরু করা সম্ভব হয়নি। পরে কমিশনিং লাইসেন্স পাওয়ায় সেই বাধা দূর হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, লাইসেন্স পাওয়ার মাধ্যমে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎ প্রকল্পটি এখন উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।