নতুন দুই দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর সরকারি ছুটি
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।ফাইল ছবি

সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি বলেন, ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না। অন্যদিকে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের পাশাপাশি দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫’ নিয়ে আলোচনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।