
জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষ যেন থানা থেকেই তাঁদের কাঙ্ক্ষিত আইনি সেবা পান, তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্পর্কের উন্নয়ন ঘটাতে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। থানায় আসা সেবাগ্রহীতারা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
সভায় ঢাকা মহানগরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে উল্লেখ করে তা বজায় রাখতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তা হলো: ফুট পেট্রোল: পাড়া-মহল্লায় পুলিশের টহল বা ফুট পেট্রোল বৃদ্ধি করা। মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পুলিশ সদস্যদের আরও পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো আপস করা হবে না।
সভায় মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, বিভিন্ন ইউনিটের প্রধান, উপ-কমিশনার এবং ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, মাঠপর্যায়ে এসব নির্দেশনার বাস্তবায়ন হলে মহানগরের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে।



