
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমিনুল ইসলাম (২৪)। বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় চলন্ত বাস ও মাইক্রোবাসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী ও চালকদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিতেন।
পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



