তারেক রহমান
তারেক রহমান।ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী  ‘টাইম ম্যাগাজিনে’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। পোস্টটি ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

পোস্টে মাহদী আমিন লেখেন, গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে অবহিত করছি যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান TIME 100 Most Influential People of 2026-এর বর্ণাঢ্য তালিকায় স্থান পেয়েছেন।

তিনি আরও বলেন, বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম এই স্বীকৃতির মাধ্যমে তার দুরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে।

স্ট্যাটাসে মাহদী আমিন দাবি করেন, একটি কঠিন সময়ে তারেক রহমান জনগণের কণ্ঠস্বর হয়ে সামনে এগিয়ে এসেছেন এবং তার নেতৃত্বে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। 

তিনি লেখেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত।

এছাড়া, পোস্টে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।

মাহদী আমিন বলেন, একটি বৈষম্যহীন, অন্তর্ভূক্তিমূলক, সমন্বিত বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি এই স্বীকৃতিকে বাংলাদেশের জনগণের সম্মান হিসেবে উল্লেখ করে বলেন, আজকের বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়।

পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে সমর্থকদের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া ও অভিনন্দনের বার্তা দেখা গেছে।