
হামের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেছেন, হামের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। টিকা দেওয়ার পর শিশুদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কিছুটা সময় প্রয়োজন।
তিনি বলেন, গত ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং তা এখনো চলমান। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, দেশের একটি অংশের শিশু টিকার আওতার বাইরে ছিল, যা আগের একটি ব্যর্থতার ফল। এরপরও শিশুদের এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
চিকিৎসাব্যবস্থা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আক্রান্ত রোগীদের সর্বোচ্চ সহায়তা দিতে হাসপাতালগুলোতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে সম্পদের সীমাবদ্ধতা থাকায়, বিশেষ করে যখন একই ধরনের সেবা—যেমন আইসিইউ—অনেক রোগীর প্রয়োজন হয়, তখন পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তবুও সরকার পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে।



