
দেশে সাম্প্রতিক মব সহিংসতার ঘটনাগুলোকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। চোর বা ডাকাত হাতেনাতে ধরা পড়লেও তাকে পিটিয়ে হত্যা তো দূরের কথা, মারধরও করা যাবে না।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রশাসনিক কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়। ইতোমধ্যে একটি ঘটনায় মামলা হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করা হয়েছে।
তিনি জানান, মব সহিংসতার প্রবণতা হঠাৎ করে তৈরি হয়নি; অতীতে কিছু ঘটনায় প্রশ্রয়ের ধারণা তৈরি হওয়ায় সমাজে এমন মানসিকতা গড়ে উঠেছে যে, জনগণ নিজেরাই শাস্তি দিতে পারে—যা অত্যন্ত বিপজ্জনক।
তার ভাষ্য, সাধারণত মব স্বতঃস্ফূর্ত ও অসংগঠিত হলেও সাম্প্রতিক সময়ে পরিকল্পিতভাবে লোক জড়ো করে হামলা বা অবরোধ তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। এসব কার্যক্রমকে তিনি সংগঠিত অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ের ঘটনাগুলো প্রসঙ্গে তিনি বলেন, পরিকল্পিত সহিংসতার ঘটনাগুলোও পর্যালোচনা করা হবে। যেসব বিষয়ে সমাজে ঐকমত্য রয়েছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে এক নারীকর্মীর গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট পোস্টে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য ছিল। তবে গ্রেফতারের ক্ষেত্রে আরও সতর্কতা ও সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এ জন্য একটি আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক সময় না জেনেই মানুষ ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। তাই জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে হেইট স্পিচ ও অপপ্রচারের বিরুদ্ধে কাজ করবে সরকার।
সরকারের জবাবদিহিতা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনি ইশতেহারের অগ্রগতি নিয়মিতভাবে জনগণের সামনে তুলে ধরা হবে। ইতোমধ্যে প্রথম মাসের কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এবং প্রতি তিন মাস অন্তর অগ্রগতি জানানো হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এ কার্যক্রম তদারকি করছেন।
মিসইনফরমেশন ও হেইট স্পিচ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।



