দুর্ঘটনার কবলে ঢাবির ‘ক্ষণিকা’ বাস, আহত ৮
এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাস দুর্ঘটনার কবলে পড়ে।ছবি: আরটিএনএন

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ‘ক্ষণিকা’ বাস। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বাসটির একটি চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনায় পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, আমাদের বাস পরিবর্তন করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বার বার বলেছি। কিন্তু তারা বিষয়টি আমলে নেয়নি। আমরা ডাকসুর পক্ষ বেশ কয়েকটি বাসের জন্য ফাণ্ড কালেক্ট করে এনে দিয়েছি, যাতে বাস পরিবর্তন করা হয়। কিন্তু ট্রেজারার আমাদের সেটিও আটকে রেখেছেন। আজকের দুর্ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না।

তিনি আরও জানান, দুর্ঘটনায় বাসের সামনের দিকে বসা শিক্ষার্থীরা বেশি আহত হয়েছেন। এছাড়া একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িত হওয়ায় কয়েকজনের অবস্থা গুরুতর বলে আশঙ্কা করা হচ্ছে।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের নেতারা ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা তদারকি করছেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের চেষ্টা চালাচ্ছেন।

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা ঘটনাস্থল ও হাসপাতাল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।”

দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।