নতুন বছরের এই উৎসবের আমেজে বাদ সেধেছে যানবাহনের সংকট ও রিকশার অতিরিক্ত ভাড়া।
নতুন বছরের এই উৎসবের আমেজে বাদ সেধেছে যানবাহনের সংকট ও রিকশার অতিরিক্ত ভাড়া। ছবি: আরটিএনএন

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’-এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩৩। রাজধানীজুড়ে নানা আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে। তবে এই উৎসবের আমেজে বাদ সেধেছে যানবাহনের সংকট ও রিকশার অতিরিক্ত ভাড়া। ফলে অনেককেই হেঁটেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরের আলো ফুটতেই রমনার বটমূলে সমবেত হন হাজারো মানুষ। ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’—এই আহ্বান নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় বর্ণাঢ্য ‘মঙ্গল শোভাযাত্রা’। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারা ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘হাজার কণ্ঠে বর্ষবরণ’। এছাড়া দেশীয় সাংস্কৃতিক সংসদ ‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানে উদযাপন করছে দিনটি।

বাঙালির এই সর্বজনীন উৎসবকে ঘিরে রাজপথে উৎসবপিয়াসী মানুষের ঢল নামলেও যাতায়াতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে শাহবাগ, মৎস্য ভবনসহ আশপাশের এলাকায় গণপরিবহন চলাচল সীমিত রাখা হয়েছে। এই সুযোগে রিকশাচালকরা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ যাত্রীদের।

রাজধানীর বাংলামোটর এলাকায় কথা হয় আবু সাঈদ নামের এক তরুণের সঙ্গে। তিনি হেঁটেই রমনার দিকে যাচ্ছিলেন। আবু সাঈদ আরটিএনএনকে বলেন, গণপরিবহন কম, তার ওপর শাহবাগ হয়ে রমনা পর্যন্ত কোনো গাড়ি যাচ্ছে না। রিকশায় যাওয়া যেত, কিন্তু চালকেরা অসম্ভব দাম চাচ্ছেন। তাই বাধ্য হয়ে হেঁটেই যাচ্ছি।

একই অভিজ্ঞতার কথা জানালেন মালিহা নামের আরেক তরুণী। তিনি বলেন, রমনায় না গেলে বৈশাখ বরণ অপূর্ণ থেকে যায়। রিকশাচালকরা দ্বিগুণ-তিনগুণ ভাড়া চাইছেন। অনেকটা বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে রমনায় যাচ্ছি।

রিকশা ভাড়া বেশি নেওয়ার বিষয়ে জানতে চাইলে চালক মোতাহার আলী বলেন, আজকের মতো দিনে যাত্রীদের অনেক চাপ থাকে, কিন্তু রাস্তায় রিকশা কম। এ কারণে ভাড়া কিছুটা বেশি। অনেকে খুশি হয়েও আমাদের কিছু টাকা বেশি দেন।

গণপরিবহনের সীমাবদ্ধতা আর রিকশা ভাড়ার নৈরাজ্য সত্ত্বেও মানুষের উৎসাহে কমতি দেখা যায়নি। তীব্র গরম আর যাতায়াত বিড়ম্বনা তুচ্ছ করেই নতুন বছরকে বরণ করে নিতে মেতেছে সাধারণ মানুষ।