
জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করে রাস্তা পার হলে পথচারীদের বিরুদ্ধে জেল-জরিমানার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (১২ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে রাজধানীতে নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে চালক ও পথচারীদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ট্রাফিক আইন বা সংকেত অমান্য করলে কিংবা নির্ধারিত স্থান ব্যবহার না করে রাস্তা পারাপার করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অনধিক এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।
এছাড়া নির্ধারিত স্থান ছাড়া যাত্রী বা পণ্য ওঠানামা করালে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা এবং চালকের ড্রাইভিং লাইসেন্সে এক পয়েন্ট কাটা হবে। উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে অনধিক তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে এবং আরও কয়েকটি স্থানে শিগগিরই তা চালু করা হবে।
পথচারীদের ফুট ওভারব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। পাশাপাশি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পরবর্তীতেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।



