
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আনজা কার্স্টেন সোমবার (১৩ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান আনজা কার্স্টেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ক্রাউড কন্ট্রোল, সাইবার সিকিউরিটি, ফরেনসিক সক্ষমতা বৃদ্ধি, বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা এবং ভুয়া দলিল যাচাইসহ বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় তিনি জার্মান দূতাবাসের পক্ষ থেকে আইজিপির প্রতি শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।
জবাবে আইজিপি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সক্ষমতা উন্নয়নে জার্মান সরকারের সহযোগিতাকে স্বাগত জানান। তিনি সাইবার অপরাধ প্রতিরোধে দক্ষ জনবল গড়ে তোলা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



