
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলা শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকেই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম চলছে এবং আগামী ২০ তারিখ থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হবে।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শিশুদের রোগ প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া। এজন্য জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, হাম অত্যন্ত দ্রুত ছড়ায়, তবে সময়মতো টিকা দিলে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি জানান, টিকা গ্রহণের মাধ্যমে গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতা বা ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হয়, যা পুরো এলাকার শিশুদের সুরক্ষা নিশ্চিত করে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে অবশ্যই টিকার আওতায় আনতে হবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, নগরবাসীর জন্য একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করবে।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



