সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১,০২৫ বিএনপি নেত্রী, বিএনপি, সরকার, সংরক্ষিত নারী আসন, এমপি, নির্বাচন,
সংরক্ষিত নারী আসনের ফরম নিচ্ছেন বিএনপি নেত্রীরা।ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে দুই দিনে বিএনপির ১,০২৫ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শিক্ষক, আইনজীবী, সাবেক ছাত্রনেত্রীসহ ৪৮১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার ফরম বিক্রি হয়েছে ৫৪৪টি। প্রত্যেক মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২,০০০ টাকা এবং ফরম জমা দেওয়ার সময় অফেরতযোগ্য জামানত হিসেবে নেওয়া হচ্ছে ৫০,০০০ টাকা। আগামী রোববার পর্যন্ত এই ফরম বিক্রি চলবে।

এর আগে, শুক্রবার বেলা ১১টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি জানান, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের প্রতি অবদান, গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, সামাজিক গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এদিকে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি জোট পেতে পারে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য একটি আসন নির্ধারিত থাকতে পারে।

ইসির তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিলের সুযোগ থাকবে ২৬ এপ্রিল, যার নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।