
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহভাজন বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বোটটি থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত ২ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।



