
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে কোনো মানুষ গুম বা ক্রসফায়ারের শিকার হননি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে মানবাধিকার বিল ২০২৬ উত্থাপনের সময় মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, “সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারতো। কিন্তু গত ৪২ দিনে দেশে একটি মানুষও ক্রসফায়ারের শিকার হয়নি, কোনো মানুষও গুমের শিকার হয়নি। আমরা মানবাধিকারের পথে হেঁটে যাচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘনের শিকার হলো জিয়া পরিবার এবং বিএনপি পরিবার। মন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রীও মানবাধিকার লঙ্ঘনের চরমতম শিকার হয়েছেন। আমাদের মানবাধিকার বিষয়ে কোনো পিছুটান নেই।”
সভায় সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আরবিএ/আরটিএনএন



