
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশজুড়ে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরির চক্র। এরই ধারাবাহিকতায় শেরপুরে জাল টাকার এক ‘কারখানার’ সন্ধান পেয়েছে র্যাব-১৪। অভিযানে চক্রের মূলহোতা মো. মুর্শিদুল হককে (৩৩) গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল টাকা ও নোট তৈরির নানা সরঞ্জাম।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে শেরপুর জেলা সদরের চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুর্শিদুল স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন। মূলত কোরবানির পশুর হাটকে লক্ষ্য করেই তিনি বড় পরিসরে জাল টাকা বাজারজাত করার পরিকল্পনা করেছিলেন।
১ লাখ টাকার জাল নোটের বিনিময়ে তারা ৩০ হাজার আসল টাকা নিত। সরবরাহ করতেন শেরপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার গ্রামাঞ্চল ও পশুর হাট।
অভিযানকালে মুর্শিদুলের হেফাজত থেকে জাল টাকা তৈরির একটি মিনি কারখানার সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দকৃত তালিকার মধ্যে রয়েছে, জাল নোট ৬ হাজার ৮০০ টাকা। ১টি মনিটর, ৩টি বিশেষায়িত প্রিন্টার এবং ১টি পাওয়ার ক্যাবল পাওয়া গেছে।
এছাড়া অন্যান্য অপরাধের জন্য ব্যবহৃত হয় ১টি মোবাইল ফোন।
ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতে এই চক্রটি সক্রিয় হয়েছিল। তাদের বাকি সদস্যদের ধরতে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষকে কেনাকাটার সময় এবং পশুর হাটে টাকা লেনদেনে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



