সরকারি, বেসরকারি, ব্যাংক
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত হচ্ছে।ছবি: সংগৃহীত

দেশে চলমান জ্বালানি সংকটের কারণে সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে আজ রবিবার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুযায়ী অফিস খোলা থাকবে।

এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতায় থাকবে না। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন অনুসারে নির্দেশনা দেবে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে সরকারি অফিসের কাজের সময় এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সন্ধ্যা ৬টার পর শপিংমল ও দোকানপাট বন্ধ থাকবে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

একই সঙ্গে, ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিপত্র অনুযায়ী, রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এছাড়া সাধারণ লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

পরিপত্রে আরও জানানো হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাগুলো আগের নিয়ম অনুযায়ী সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা খোলা থাকবে।