
রাজধানীর তেজগাঁও বিভাগে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় মাদক, অবৈধ অস্ত্র ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে।
অভিযানকালে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।



